ভার্জিনিয়ায় হামে শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রে এ বছর হামে মৃত্যু অন্তত ১২, পেনসিলভানিয়াতেই ৮
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হামে আক্রান্ত হয়ে পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ এ মৃত্যুর তথ্য জানায়। চলতি বছর অঙ্গরাজ্যটিতে হামে এটিই প্রথম মৃত্যু।
বার্তা সংস্থা এপি জানায়, কয়েক দিন আগেই মেক্সিকো ও বলিভিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রও হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। ২০২৬ সালে দেশটিতে হামে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজনই পেনসিলভানিয়ার, যার একজন মারা গেছেন গত সপ্তাহে। এ ছাড়া নিউইয়র্কে একজন ও উইসকনসিনে দুজনের মৃত্যু হয়েছে।
ভার্জিনিয়ায় এ বছর ২২০ জন হামে আক্রান্ত হয়েছেন, যাদের বেশির ভাগই অঙ্গরাজ্যটির মধ্যাঞ্চলের এবং টিকা না নেওয়া। স্থানীয় সম্প্রচারমাধ্যম ডব্লিউডিবিজে-৭ জানিয়েছে, ১৯৮৮ সালের পর ভার্জিনিয়ায় এবারই সবচেয়ে বেশি হামের রোগী শনাক্ত হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) চলতি বছর দেশজুড়ে ৫ হাজার ৮০০-র বেশি রোগী শনাক্ত করেছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ।
থ্যাংকসগিভিং ও ডিসেম্বরের ছুটিতে পরিবার-পরিজনের জমায়েতে ভাইরাস ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, বেশির ভাগ প্রাপ্তবয়স্কের বুস্টার ডোজের প্রয়োজন নেই। সিডিসি এ মাসে গর্ভাবস্থায় হামের ঝুঁকি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে, যেখানে গর্ভপাত ও নবজাতকের জন্মগত সংক্রমণের ঝুঁকির কথা বলা হয়েছে। গর্ভবতী নারীদের হামের টিকা দেওয়া হয় না, তবে গর্ভধারণের আগে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সূত্র: এপি, ডব্লিউডিবিজে-৭





