শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের প্রস্তাব, নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।
শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বরের একটি প্রস্তাবনায় এ উদ্যোগের কথা উল্লেখ রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী, উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটি খালেদা জিয়ার নামে নামকরণ করা হবে।
প্রস্তাবনায় বলা হয়েছে, খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার নীতির কথাও এতে তুলে ধরা হয়েছে। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর তার মৃত্যু হয় বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
স্থান নির্বাচনের কারণ হিসেবে উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) কথা উল্লেখ করা হয়েছে। শিকাগোর আকাশরেখা গড়ে তোলায় বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদানের কথাও প্রস্তাবনায় রয়েছে। সিটি কাউন্সিলে পাস ও প্রকাশের পর প্রস্তাবটি কার্যকর হবে এবং পরিবহন কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন, রাইজিংবিডি





