দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার (২২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এ কথা জানান।
দেশজুড়ে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি জানতে চাইলে প্রসিকিউটর তামিম বলেন, এ তদন্ত নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ নয়, দেশব্যাপী পরিচালিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে দল হিসেবে এ ধরনের তদন্ত ও মামলা নজিরবিহীন হওয়ায় তা শেষ করতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
এর আগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের লক্ষ্যে তদন্ত শুরুর কথা জানিয়েছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্তের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





