একাকিত্ব কাটাতে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলছেন মার্কিন তরুণ-বয়স্করা
পর্দা থেকে দূরে থেকে নতুন বন্ধু খুঁজতে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে উঠছে অচেনা মানুষের সঙ্গে বোর্ড গেম খেলার আসর। বার্তা সংস্থা এপি জানায়, দেশটিতে এখন পর্যন্ত ৯০০টির বেশি বোর্ড গেম ‘মিটআপ’ গ্রুপ তৈরি হয়েছে। ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কের মতো শহরেও এমন আসর বসছে।
কলোরাডোর ডেনভারে ম্যাট মার্টিনেজ শুধু খেলার সঙ্গী খুঁজতে ‘বোর্ড গেম সোশ্যাল’ নামে একটি আসর শুরু করেছিলেন। এখন মাসে দুবার সেখানে ৪০ জনের বেশি মানুষ জড়ো হন। মার্টিনেজ বলেন, ‘আগে বাসায় খেলার জন্য তিনজন মানুষ জোগাড় করতেও হিমশিম খেতাম। এত মানুষ আসছেন দেখে আমি অবাক।’
অংশগ্রহণকারী জিম আবাজিয়ান বলেন, ‘এখনকার দিনে মানুষের সঙ্গে মেশা কঠিন। কিছু বলার মতো আকর্ষণীয় বিষয় থাকতে হয়। এখানে সবার মধ্যে একটা মিল আছে, সেটাই ভালো দিক।’ আরেকজন এরিক ডুভিক মনে করেন, ঘরে বসে অফিস করার কারণে প্রাপ্তবয়স্কদের বন্ধু তৈরির সুযোগ কমে গেছে। অবসরপ্রাপ্ত সমাজকর্মী জুড আইয়েলো বলেন, আগে কমিউনিটি নাচের আসরে নিয়মিত একই মানুষদের দেখা মিলত, যা এখন আর নেই।
শুধু বোর্ড গেম নয়, সামগ্রিকভাবেই সামনাসামনি সামাজিক আয়োজনের চাহিদা বাড়ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, ইভেন্টব্রাইটের তথ্যে এক বছরে পাজল প্রতিযোগিতার আয়োজন বেড়েছে ১৫১ শতাংশ, আর ইভাইটের তথ্যে মাহজং খেলার আয়োজন বেড়েছে ৯৪ শতাংশ।
মার্টিনেজের ভাষায়, ‘অনেকক্ষণ এক টেবিলে বসে থাকলে বোঝা যায় কার সঙ্গে কী মিল, তারপর মানুষ অন্য কাজেও একসঙ্গে দেখা করতে শুরু করে।’
সূত্র: এপি, অ্যাক্সিওস





