থ্যাংকসগিভিংয়ে ভ্রমণ করবেন ৮ কোটি ১৫ লাখ মার্কিনি, খরচ বাড়ায় টানা রেকর্ডে ছেদ
এবারের থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে প্রায় ৮ কোটি ১৫ লাখ মানুষ বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন মোটরচালকদের সংগঠন এএএ। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত সময়ের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফক্স ওয়েদার জানায়, এ সংখ্যা গত বছরের ৮ কোটি ১৬ লাখের তুলনায় শূন্য দশমিক ১ শতাংশ কম। ফলে টানা তিন বছর রেকর্ড ভ্রমণের ধারায় ছেদ পড়ছে। এএএর মুখপাত্র স্টেসি বারবার এর জন্য আংশিকভাবে এ বছরের ‘বাড়তি ভ্রমণ খরচকে’ দায়ী করেছেন।
পূর্বাভাস অনুযায়ী, প্রায় ৭ কোটি ২৯ লাখ মানুষ সড়কপথে গাড়িতে যাবেন, অর্থাৎ প্রতি ১০ জনের প্রায় ৯ জনই গাড়িতে ভ্রমণ করবেন। প্রায় ৫৯ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণ ফ্লাইটে যাবেন, যা গত বছরের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশ কম। অভ্যন্তরীণ রুটে গড় রাউন্ড-ট্রিপ ভাড়া প্রায় ৮০০ ডলার, যা ১৭ শতাংশ বেশি। বাস, ট্রেন ও ক্রুজে যাবেন প্রায় ২৬ লাখ মানুষ, যা ৪ দশমিক ১ শতাংশ বেশি।
চলতি বছর আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে জ্বালানি তেলের দাম মাসিক রেকর্ড ছুঁয়েছে, নভেম্বরেও একই প্রবণতা দেখা যেতে পারে। ভ্রমণবিষয়ক সংবাদমাধ্যম ট্রাভেলপালসও এএএর পূর্বাভাস উদ্ধৃত করে জানিয়েছে, ছুটির খরচ বাড়ায় এবার ভ্রমণকারী কিছুটা কমছে।
সূত্র: এএএ, ফক্স ওয়েদার, ট্রাভেলপালস





