পান্নুন মামলা: অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে সমন পাঠাল মার্কিন আদালত
খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েলের কাছে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভারতের দ্য ট্রিবিউন জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) এ সমন পাঠানো হয়।
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোক ফেইলা গত ১৩ নভেম্বরের আদেশে হেগ কনভেনশনের আওতায় ভারতের আদালতের মাধ্যমে সমন পৌঁছানোর অনুমতি দেন। আদালতের কেরানি ফেডএক্সের মাধ্যমে নয়াদিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতে সমন পাঠিয়েছেন। আদেশে ভারতীয় আদালতগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরে দায়ের করা মামলায় পান্নুনের অভিযোগ, তাকে হত্যার ষড়যন্ত্রে ভারতীয় কর্মকর্তারা জড়িত ছিলেন। মামলায় ভারত সরকার, দোভাল, গোয়েল, বিকাশ যাদব ও নিখিল গুপ্তকে বিবাদী করা হয়েছে। এর আগে বিভিন্ন উপায়ে সমন পৌঁছানোর চেষ্টা সফল হয়নি। আমেরিকান বাজারের প্রতিবেদন অনুযায়ী, আদালতের এ আদেশ কেবল প্রক্রিয়াগত, এতে অভিযুক্তদের দায় প্রতিষ্ঠিত হয় না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পান্নুনের মামলাকে ‘ভিত্তিহীন, বানোয়াট ও বিদ্বেষপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে। ভারত পান্নুনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে।
সূত্র: দ্য ট্রিবিউন, আমেরিকান বাজার





