শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে এনসিপি যাবে না, একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভাঙার দাবি নাহিদের
শুধু আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দেওয়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ‘দেশে একটা সংকটকাল চলছে। সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানান, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সেখানে সাড়া দেব।’
তিনি বলেন, ‘কিন্তু যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছেও বার্তা যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।’ জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে সরকার যে অঙ্গীকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে।
নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক বিষয়গুলোতে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য হতে পারে। তার এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারি দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





