আট বছরের যাত্রা শেষে বুধ গ্রহের কক্ষপথে বেপিকলম্বো
আট বছরের দীর্ঘ যাত্রা শেষে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশ অভিযান বেপিকলম্বো। শনিবার (২১ নভেম্বর) ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সাফল্যের ঘোষণা দেয়।
বার্তা সংস্থা এপি জানায়, প্রায় ২০০ কোটি ডলারের এই অভিযানে দুটি সংযুক্ত রোবটিক মহাকাশযান রয়েছে, একটি ইউরোপের ও অন্যটি জাপানের। আগামী মাসে যান দুটি আলাদা হয়ে ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে বুধ গ্রহের মানচিত্র তৈরি ও গবেষণা করবে। কয়েক দফা থ্রাস্টার চালিয়ে গতি কমানোর পর গ্রহটির দুর্বল মাধ্যাকর্ষণে ধরা পড়ে যানটি। পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি ২০ লাখ কিলোমিটার দূরে থাকা যানটির কক্ষপথে প্রবেশ নিশ্চিত করতে জার্মানির নিয়ন্ত্রণকক্ষের বিজ্ঞানীদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়।
২০১৮ সালে উৎক্ষেপণের পর বেপিকলম্বো একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধের পাশ দিয়ে ঘুরে মাধ্যাকর্ষণের সাহায্যে পথ পাড়ি দিয়েছে। এই যাত্রায় এটি ১ হাজার কোটি কিলোমিটারের বেশি পথ অতিক্রম করেছে। ইতালীয় গণিতবিদ জুসেপ্পে ‘বেপি’ কলম্বোর নামে অভিযানটির নামকরণ করা হয়েছে।
বেপিকলম্বো বুধে যাওয়া তৃতীয় মহাকাশযান এবং এক দশকের বেশি সময় পর প্রথম। এর আগে ১৯৭০-এর দশকে নাসার মেরিনার-১০ তিনবার বুধের পাশ দিয়ে উড়ে যায়। নাসার মেসেঞ্জার ২০১১ সালে বুধের কক্ষপথে প্রবেশ করে এবং জ্বালানি ফুরিয়ে ২০১৫ সালে গ্রহটিতে আছড়ে পড়ে।
বুধের তাপমাত্রা ৪২৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে, যা যন্ত্রপাতির জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের প্রধান বিজ্ঞানী জেরেইন্ট জোনস বলেন, ‘মহাকাশযান ও যন্ত্রপাতিগুলো যতটা সম্ভব ঠান্ডা রাখতে হবে, যা নিজেই একটি বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ।’ আগামী বসন্তে নতুন তথ্য আসতে শুরু করবে। অভিযানটি অন্তত এক পার্থিব বছর, অর্থাৎ বুধের চার বছরের সমান সময় চালু রাখার লক্ষ্য রয়েছে।
সূত্র: এপি, ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ)





