টেসলার নতুন সেলফ-ড্রাইভিং সফটওয়্যার এফএসডি ভি১৫ চালু, মাস্ক বললেন ‘এটা জিটিএর মতো’
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা তাদের ‘ফুল সেলফ-ড্রাইভিং’ (এফএসডি) সফটওয়্যারের নতুন সংস্করণ ভি১৫ গ্রাহকদের গাড়িতে পাঠানো শুরু করেছে। শনিবার (২১ নভেম্বর) থেকে কিছু গাড়িতে এই হালনাগাদ পৌঁছাতে শুরু করে বলে জানিয়েছে প্রযুক্তি সংবাদমাধ্যম গিজমোডো।
এক্সে দেওয়া ঘোষণায় টেসলা জানায়, নতুন সংস্করণে স্বয়ংক্রিয় চালনার পুরো ‘এন্ড-টু-এন্ড’ নিউরাল নেটওয়ার্ক হালনাগাদ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামলানোর সক্ষমতা ২৫ গুণ বেড়েছে। কোম্পানির দাবি অবশ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
হালনাগাদের সবচেয়ে আলোচিত সংযোজন ‘টেসলা রিয়েলিটি ভিউ’। এতে গাড়ির ঠিক ওপরে ও পেছনে একটি ভার্চুয়াল ক্যামেরা থেকে চারপাশের পরিবেশের বাস্তবসম্মত, চলমান ত্রিমাত্রিক চিত্র দেখানো হয়, যা ঘুরিয়ে-ফিরিয়ে দেখা যায়। এর মাধ্যমে চালক বুঝতে পারবেন সফটওয়্যারটি কী করতে যাচ্ছে। আগের সংস্করণে শুধু গাড়ি ও কয়েকটি মূল বস্তুর সাদামাটা চিত্র দেখা যেত।
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এক্সে লিখেছেন, ‘এটা জিটিএর মতো।’ সম্প্রতি মুক্তি পাওয়া জনপ্রিয় ভিডিও গেম জিটিএ সিক্সের সঙ্গে তুলনা করেই তিনি এ মন্তব্য করেন।
তবে বৈদ্যুতিক গাড়িবিষয়ক সংবাদমাধ্যম ইলেকট্রেকের সম্পাদক ফ্রেড ল্যাম্বার্ট বলেছেন, নতুন সংস্করণের রিলিজ নোটে গর্ত, স্কুল এলাকা, স্পিড ক্যামেরা ও জমে থাকা পানির মতো যেসব সমস্যা সমাধানের কথা বলা হয়েছে, সেগুলো আসলে এফএসডির বড় দুর্বলতারই তালিকা। তার মতে, এফএসডির উন্নতি কখনো সরলরেখায় হয়নি।
সূত্র: গিজমোডো, ইলেকট্রেক





