ম্যাচা, উবে, বাটার ইয়েলো: খাবারের রঙে রাঙছে কিন্ডল থেকে সোফা
বেগুনি রঙের ‘উবে’ কিন্ডল, ডিল আচারের মতো সবুজ ভেলভেট সোফা কিংবা ক্যাফের মেনু থেকে নেওয়া রঙের পোর্টেবল ফ্যান। খাবারের সংস্কৃতি এখন রান্নাঘর ছাড়িয়ে ঘর সাজানো, ইলেকট্রনিকস ও নানা ভোগ্যপণ্যের রঙে জায়গা করে নিচ্ছে। ম্যাচা সবুজ, বাটার ইয়েলো, চেরি লাল কিংবা ড্রাগন ফ্রুট গোলাপির মতো খাবারের নাম এখন পণ্য বাজারজাতকরণের নিয়মিত শব্দ।
গত ১ অক্টোবর অ্যামাজন নতুন রঙের কিন্ডল ই-রিডার বাজারে আনে, যার মধ্যে আছে উবে ও ফিগ। ফিলিপাইনের জনপ্রিয় বেগুনি মিষ্টি আলু ‘উবে’-এর নামে রাখা হয়েছে একটি রঙের নাম। অ্যামাজন ল্যাব১২৬-এর শিল্প নকশাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্রিস গ্রিন এপিকে বলেন, ‘খাবার-অনুপ্রাণিত রং বোঝায় যে পণ্যটি শুধু টেবিলের নয়, আপনার জীবনের অংশ।’ ২০২৪ সালে আনা ম্যাচা রঙের কিন্ডলটি অ্যামাজনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া রঙিন কিন্ডলে পরিণত হয়েছিল।
গৃহস্থালি যন্ত্রপাতি নির্মাতা শার্কনিনজা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের এখন ৩০টি খাবার-অনুপ্রাণিত রঙের পণ্য রয়েছে, যা গত বছরের দ্বিগুণেরও বেশি। এর মধ্যে আছে বাটার ইয়েলো ও জিঞ্জার স্ন্যাপ রঙের এয়ার ফ্রায়ার এবং ম্যাচা ও আইসড লাতে রঙের ফ্যান।
রংবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান প্যান্টোন কালার ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট লরি প্রেসম্যানের মতে, করোনা মহামারির সময় মানুষ ঘরে বেশি রান্না করায় এবং ইনস্টাগ্রাম-টিকটকে খাবারের ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় এই প্রবণতা জোরালো হয়েছে। পিন্টারেস্টের তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছরের সেপ্টেম্বরে বাটার ইয়েলো বেডরুমের আইডিয়া খোঁজা বেড়েছে ১২০০ শতাংশ এবং ম্যাচা রঙের পোশাক খোঁজা বেড়েছে ৫০০ শতাংশ।
তবে যুক্তরাষ্ট্রের অন্দরসজ্জাবিদ এরিক গোরানসন সতর্ক করে বলেন, পুরো ঘর রং না করে একটি দেয়াল বা তোয়ালের মতো ছোট জিনিসে এসব রং ব্যবহার করাই ভালো। তার ভাষায়, ‘এই ধরনের ট্রেন্ড কয়েক বছরের মধ্যেই সেকেলে হয়ে যেতে পারে।’
সূত্র: এপি, অ্যাবাউট অ্যামাজন





