ফক্স নিউজের সাক্ষাৎকারে ডিএসএর কয়েকটি দাবি নাকচ করলেন মেয়র মামদানি
ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) কয়েকটি আলোচিত দাবির সঙ্গে দ্বিমত জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রোববার (৮ নভেম্বর) ‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে উপস্থাপক শ্যানন ব্রিমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মধ্যবর্তী নির্বাচন ও ডেমোক্র্যাটদের সাফল্য নিয়ে আলোচনার এক পর্যায়ে মামদানির কাছে জানতে চাওয়া হয়, তিনি সীমান্ত, সুপ্রিম কোর্ট বা কারাগার বিলুপ্ত করতে চান কি না। প্রতিটি প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে ‘না’ বলেন। ডিএসএ তাঁকে দল থেকে বের করে দেবে কি না—এমন প্রশ্নেও তাঁর উত্তর ছিল ‘না’।
মামদানি বলেন, কয়েকজন সমাজতন্ত্রী এক ঘরে জড়ো হলে সেখানে প্রায়ই মতভেদ দেখা যায়। তবে শ্রমজীবী মানুষের মর্যাদায় বিশ্বাসই ডিএসএর সদস্যদের ঐক্যবদ্ধ রাখে।
সিনেট বিলুপ্তির প্রস্তাবও তিনি নাকচ করেন। তাঁর মতে, ভোটাররা এর চেয়ে বেশি চিন্তিত জীবনযাত্রার ব্যয় নিয়ে, এবং আমেরিকানরা ‘অপেক্ষা করতে করতে ক্লান্ত’।
মামদানি উল্লেখ করেন, সদ্য সমাপ্ত নির্বাচনে যেসব ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হয়েছেন, তাঁদের অনেকে সর্বজনীন প্রাক্-প্রাথমিক শিক্ষা, সাশ্রয়ী আবাসন, অন্তহীন যুদ্ধের অবসান ও ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশের মতো ইস্যু নিয়ে প্রচার চালিয়েছিলেন।
শপথ নিচ্ছেন জোহরান মামদানি। ফাইল ছবি: NYC Mayor's Office / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)





