টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক সরঞ্জাম ও অস্ত্র-গুলি উদ্ধার, আটক ২
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা, বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয়।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার সকালে বিজিবির পাঠানো এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে এসব বোমা, বিস্ফোরক সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। দুই অটোরিকশাচালককে আটক করা হলেও তাঁদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজিবির ভাষ্য, দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে রোববার সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে বিজিবি।





