২৪ ঘণ্টায় ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা; নাশকতাকারীদের গ্রেপ্তারে এসপিদের নির্দেশ আইজিপির
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রের বরাতে প্রথম আলো জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ সদর দপ্তরের হিসাবে, এই সময়ে ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিন দিন ধরে চলমান নাশকতার প্রেক্ষাপটে মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে অনলাইনে ৬৪ জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনার ও ডিআইজিদের সঙ্গে বৈঠক করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজকের পত্রিকার খবরে বলা হয়, বৈঠকে নাশকতা, অগ্নিসংযোগ ও হাতবোমা হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, সব জেলায় টহল বাড়ানো, ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি এবং গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসানোর নির্দেশ দেন তিনি।
গ্রেপ্তারের আগে অপরাধে সংশ্লিষ্টতা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন আইজিপি, যাতে নিরীহ মানুষ হয়রানির শিকার না হন। প্রকৃত অপরাধীদের ধরতে ‘কোয়ালিটি অ্যারেস্ট’-এর ওপর জোর দেওয়া হয়েছে। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পেছনে পরিকল্পিত তৎপরতা রয়েছে। গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট জোরদার, সিসিটিভি ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
পুলিশের একটি সূত্রের বরাতে প্রথম আলো জানায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব নাশকতা চালাচ্ছেন বলে পুলিশের ধারণা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার থেকে সোমবার পর্যন্ত নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ছবি: রাজধানীর ফার্মগেটে মেট্রোস্টেশনের নিচে আগুনে জ্বলছে বাস (সোমবার সন্ধ্যা)। ছবি: প্রথম আলো





