ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিচে বড় গ্যাসের আধার থাকার সম্ভাবনা দেখছে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে জালিয়াপালং ইউনিয়নের ইনানীসহ কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।
গত ২৭ অক্টোবর সকালে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় একটি বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় এলাকায় নতুন গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ৯ সদস্যের একটি কারিগরি দল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, টানা ১৫ দিন গ্যাসের আগুন ও পানির প্রবাহ পর্যবেক্ষণের পর বিশেষজ্ঞ দলের ধারণা, এটি সাময়িক পকেট গ্যাস নয়; এর নিচে বড় একটি গ্যাসের আধার রয়েছে।
প্রথম আলোকে দলের প্রধান বলেন, আগুন যেভাবে জ্বলছিল, এখনো সেভাবেই জ্বলছে; এভাবে জ্বলতে দেওয়া ঠিক হবে না। ইনানীতেও গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা আছে। আগুনের শিখায় তেলের মিশ্রণ পাওয়া যায়নি। এখন অগ্রাধিকার ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। কূপ নিয়ন্ত্রণে আসার পর ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ১৪৪ ধারার কারণে ইনানী ও মরিচ্যা বাজারমুখী সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় এলাকার পান-সুপারি, শাকসবজি ও সমুদ্র থেকে আহরিত মাছ সময়মতো বাজারে পাঠানো যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।
ছবি: ইনানীতে নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন এখনো জ্বলছে (মঙ্গলবার দুপুর)। ছবি: প্রথম আলো





