রাতারগুলে গোপন সভার পর নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিতের সিলেটের বাসায় ভাঙচুর-আগুন, সভার আয়োজক নেতা আটক
সিলেটের রাতারগুলের একটি রিসোর্টে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে গোপন সভা করার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের সিলেট নগরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। একই রাতে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট জেলা সভাপতি নাজমুল ইসলামের বাসায়ও হামলা ও ভাঙচুর চালানো হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়, গত ৮ নভেম্বর একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলে সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাটের রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার লাগানো হলেও পরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানারে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা হয়। আয়োজক হিসেবে সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম ছিল। সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার হঠাৎ উপস্থিত হয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান। সভার ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেব বাড়ি ঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে ঘটনাস্থলে গিয়ে রিসোর্ট ভাড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রথম আলোর খবরে বলা হয়, সোমবার রাত একটা থেকে দেড়টার মধ্যে নগরের টিলাগড় এলাকায় রনজিত সরকারের বাসায় হামলা হয়। সিসিটিভির ভিডিওতে দেখা যায়, হেলমেট ও মাস্ক পরা চারজন বাসার ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা ও কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন এবং ইটপাটকেল ছোড়েন। পরে বাসায় আগুন দেওয়া হয় বলে পরিবারের এক সদস্য অভিযোগ করেন। মেজরটিলা এলাকায় নাজমুল ইসলামের বাসায়ও মোটরসাইকেলে আসা একদল যুবক দরজা ভাঙার চেষ্টা ও ভাঙচুর চালান।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রনজিত সরকার ও নাজমুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। তবে তাঁদের পরিবারের সদস্যরা বাসায় থাকেন। হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ছবি: রাতারগুলের সেই ইকো রিসোর্ট, যেখানে সভা হয়েছিল। ছবি: সংগৃহীত





