কানাডার সারেতে গুলি করে দুই ভারতীয় বংশোদ্ভূতকে হত্যা, সংঘবদ্ধ অপরাধের যোগসূত্র সন্দেহ
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে গুলি করে দুই ভারতীয় বংশোদ্ভূতকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন গগনপ্রীত (গ্যারি) রেহাল (২৩) ও সুখজিৎ কৌর (২৪)। তারা দুজনই পাশের ডেল্টা শহরের বাসিন্দা ছিলেন। গত ১৫ নভেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে একটি পার্কিং লটে এ ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, স্থানটি একটি ওয়ালমার্ট স্টোরের পার্কিং এলাকা।
গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। ঘটনার তদন্ত করছে ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। তদন্তকারীরা মনে করছেন, এটি পরিকল্পিত হামলা এবং এতে সংঘবদ্ধ অপরাধের লক্ষণ রয়েছে। তবে হত্যার উদ্দেশ্য এখনো তদন্তাধীন।
পুলিশ জানায়, গুলির প্রায় ১০ মিনিট পর কাছেই একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশের ধারণা, পোড়া গাড়িটি এ ঘটনার সঙ্গে সম্পর্কিত। পুলিশের তথ্য অনুযায়ী, রেহালের বিরুদ্ধে আগে অস্ত্রসংক্রান্ত অপরাধে পুলিশের সঙ্গে সংশ্লিষ্টতার রেকর্ড রয়েছে, আর কানাডায় সুখজিৎ কৌরের পরিচিতজনের সংখ্যা ছিল সীমিত। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
আইএইচআইটির সার্জেন্ট ফ্রেডা ফং বলেন, ‘এই গুলির ঘটনা দুটি পরিবারকে অকালে প্রিয়জন হারানোর শোকে ফেলেছে।’ তিনি জানান, দায়ীদের শনাক্ত করে জবাবদিহির আওতায় আনতে তদন্তকারীরা সব সূত্র ধরে কাজ করছেন। ঘটনার সময় ওই এলাকার কোনো তথ্য বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: পিটিআই, সিবিসি নিউজ, নার্সিটি





