ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের
ভারতের আসাম রাজ্যের জোরহাটে সড়ক নিরাপত্তা অভিযানের সময় সেনাবাহিনীর একটি গাড়িতে মামলা দিয়ে বিতর্কের মুখে পড়েছেন পরিবহন বিভাগের এক নারী কর্মকর্তা। সেনাসদস্যদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়। ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছে জোরহাট জেলা প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ নভেম্বর জোরহাট শহরের এ টি রোডে আন্তরাজ্য বাস টার্মিনালের (আইএসবিটি) কাছে এ ঘটনা ঘটে। মোটরযান পরিদর্শক সামিম সুলতানা সিটবেল্ট না পরার অভিযোগে সেনাবাহিনীর এক গাড়িচালককে মামলা দেন। ওই চালক জোরহাট সামরিক স্টেশনের ৪১ সাব-এরিয়ার সদস্য ছিলেন এবং আরেক জুনিয়র সেনাসদস্যকে নিয়ে দাপ্তরিক দায়িত্বে যাচ্ছিলেন বলে জানা গেছে।
জেলা পরিবহন কর্মকর্তা ধনঞ্জয় শইকিয়া জানান, মামলাটি দেওয়া হয়েছিল সিটবেল্ট না পরার অভিযোগে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে নয়। তবে তিনি স্বীকার করেন, বাগ্বিতণ্ডার সময় ওই কর্মকর্তার আচরণ যথাযথ ছিল না। এ কারণে তাঁকে এক-দুই দিনের জন্য সক্রিয় দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে।
দৈনিক ইত্তেফাক জানায়, কর্তৃপক্ষ বলেছে—সেনাবাহিনীর গাড়িতে মামলা দেওয়ার কারণে নয়, বরং দায়িত্ব পালনের সময় আচরণ ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ভুল বোঝাবুঝি ও ভুল তথ্যের কারণে বিতর্ক তৈরি হয়েছে। সশস্ত্র বাহিনী, জরুরি সেবা ও অ্যাম্বুলেন্সের মতো গাড়ির ক্ষেত্রে আরও সতর্কতার সঙ্গে আচরণ করতে সংশ্লিষ্ট কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে সড়ক নিরাপত্তা অভিযান চলবে বলেও জানিয়েছে প্রশাসন।
সূত্র: এনডিটিভি, ইত্তেফাক





