পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ; নৌবাহিনী সদস্য স্বামী আটক
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরের বাগাচারা এলাকায় স্বামীর নির্যাতনে কানিজ ফাতিমা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরকীয়ার প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌবাহিনীতে কর্মরত স্বামী হাসানুজ্জামান আশিক (২৯) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর মা বাদী হয়ে মামলা দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত হাসানুজ্জামান আশিক উপজেলার বাসাচাড়া গ্রামের মৃত এবাদুল হকের ছেলে ও নৌবাহিনীর চট্রগ্রাম দপ্তরে সৈনিক হিসেবে কর্মরত।
জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক করে উপজেলার বাগাচারা এলাকার আশিক হাসানের সাথে বিয়ে হয় কানিজ ফাতিমার। বিয়ের পর আশিক নৌবাহিনীতে চাকরি পান এবং কর্মস্থল চট্টগ্রামে চলে যান। মেয়ের সুখ-শান্তির কথা ভেবে সৌদি প্রবাসী বাবা আবুল কালাম জামাইয়ের চাকরি থেকে শুরু করে সংসারের যাবতীয় আসবাবপত্র ও চাহিদা পূরণে নিজের সর্বস্ব উজাড় করে দেন। কিন্তু প্রবাসী বাবার এই নিঃস্বার্থ ত্যাগের পরও আশিকের পরিবারের অর্থের লোভ ও চাপ কমেনি বরং বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কানিজের ওপর চলতে থাকে মানসিক ও শারীরিক চাপ।আসিক হাসান চট্টগ্রামে যাওয়ার পর থেকেই স্ত্রী কানিজের প্রতি চরম অবহেলা ও অনাগ্রহ দেখাতে শুরু করেন। স্বামীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কানিজ জানতে পারেন ফরিদপুর জেলার এক নারীকে ‘ধর্মবোন’ পরিচয় দিয়ে তার সঙ্গে গভীর পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আশিক। পরবর্তীতে আশিকের ব্যবহৃত মোবাইল ফোনে ওই নারীর সাথে বেশ কিছু অন্তরঙ্গ ছবি দেখতে পান কানিজ ফাতিমা। স্বামীর এই প্রতারণার বিষয়ে প্রশ্ন তুললেই কানিজের ওপর নেমে আসত অমানুষিক শারীরিক নির্যাতন।
চলতি সপ্তাহে ছুটি কাটাতে বাড়িতে আসেন আশিক হাসান। গতকাল সোমবার বিকেলে সেই পরকীয়ার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন। স্বামীর নির্মম নির্যাতনে কানিজের মৃত্যু নিশ্চিত হওয়ার পরই তাদের খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে স্বজনরা দ্রুত কানিজের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ উমর ফারুক বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূর মা বাদী হয়ে হাসানুজ্জামান আসিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় ৩০৬ ও ৩৪ ধারায় যৌতুকের দাবিতে নির্যাতন এবং আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে আসিক হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে নৌবাহিনীর দপ্তরে হস্তান্তর করা হবে এবং এই মামলার অন্য আসামীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি।





