জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত, সংসদে থাকবে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায়: শফিকুর রহমান
সংসদে জামায়াতে ইসলামীর অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে দলটি অনড় থাকবে বলেও জানান তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, "আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সব সময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশা আল্লাহ।"
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব ঘটনায় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য হতাশাব্যঞ্জক। জনগণের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না।
জামায়াত আমির বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায়।
ছবি: সংগৃহীত





