শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা আটক
যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাগআঁচড়ার আব্দুল লতিফ ধাবকের ছেলে শফিক মাহমুদ ধাবক (৪৩), উপজেলার দুই নম্বর লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মৃত আব্বাস আলীর ছেলে আমিনুর রহমান (৫২) ও এক নম্বর ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃত ইয়াকুব আলীর ছেলে বজলুর রহমান (৫০)। পুলিশ তাঁদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখ করেছে।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় দায়ের করা ২৩ নম্বর মামলার তদন্তে আটককৃতদের সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। এতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) /২৫ ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারা অন্তর্ভুক্ত রয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তিনজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজনকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। #





