"এক কিলোমিটারও হয় না, চাঁদা বসায়া দেয়"—সংসদে বিএনপি এমপির ক্ষোভ, "চাঁদা" বলতে নারাজ মন্ত্রী
নৌপথ ও বিভিন্ন ঘাটে ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বিষয়টিকে "চাঁদা" বলতে রাজি হননি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নৌপরিবহনমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন ওই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এলাকায় বিআইডব্লিউটিএর নামে বিভিন্ন জায়গায় পণ্যবাহী নৌযান থেকে চাঁদা আদায় করা হচ্ছে।
কামরুজ্জামান কামরুল বলেন, "আমাদের অঞ্চল থেকে বালি আসে, চুনাপাথর আছে, কয়লা আসে। মাননীয় স্পিকার, এক মাইলও হয় না, এক কিলোমিটার হয় না—এর মধ্যেই একটা চাঁদা বসাইয়া দেয়।" এ ধরনের চাঁদা আদায় বন্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না, জানতে চান তিনি।
জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআইডব্লিউটিএ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। বিভিন্ন ঘাট রাজস্ব আদায়ের লক্ষ্যে আইন মেনে নিয়মিত প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয় এবং নির্দিষ্ট হারে টাকা আদায় করা হয়। এটি একটি প্রতিষ্ঠিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়া।
মন্ত্রী আরও বলেন, অনিয়ম বা অতিরিক্ত টাকা আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে বিআইডব্লিউটিএ ব্যবস্থা নেবে এবং তিনি তাদের ব্যবস্থা নিতে বাধ্য করবেন। তবে সংসদ সদস্য যেভাবে "চাঁদাবাজি" বলেছেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে তেমনটি করার সুযোগ নেই বলে দাবি করেন তিনি।
ছবি: সংগৃহীত





