নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন, স্বেচ্ছাসেবক লীগের বিরুদ্ধে অভিযোগ
নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় রেললাইনের ওপর আগুন জ্বলতে দেখা যায়।
স্থানীয় একটি সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের "লকডাউন" কর্মসূচি সফল করার লক্ষ্যে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা রেললাইনে আগুন ধরিয়ে দেন। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান গণমাধ্যমকে বলেন, রেললাইনে আগুন লাগার কোনো তথ্য তাঁদের কাছে নেই। রেল কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ ঘটনায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সম্প্রতি নাটোরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ এবং দত্তপাড়ায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
ছবি: সংগৃহীত





