যশোর রিজিয়নে আড়াই মাসে ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বিজিবি
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের আভিযানিক সাফল্য আড়াই মাসে ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৭৬ দিনে যশোর রিজিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৪ জন আসামিসহ ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবি।
যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত।
এ সময়কালে আটক করা মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। এছাড়া ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ,২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৫৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৩১১টি ইয়াবা, ১ হাজার ১৭বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।
যশোর ৪৯ বিজিবির অভিযানে ৬ কোটি ২০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
যশোরের শার্শা ও চৌগাছা উপজেলার সীমান্ত এলাকায় একই সময়ে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে আটজন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, শাল-চাদর ও প্রসাধনসামগ্রী। এছাড়া ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৭ দশমিক ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি দেশের বর্তমান প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। #








