রণক্ষেত্র টুঙ্গিপাড়া: থানায় আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছেন বলে স্থানীয় সূত্র ও একাধিক গণমাধ্যমে খবর এসেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে থানায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থানা ভবনের ভেতরে আগুন জ্বলতে এবং সামনে লোকজনকে জড়ো হতে দেখা যায়।
এর আগে দিনভর দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
উল্লেখ্য, গত সোমবার মিছিল নিয়ে তালা ভেঙে টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ে সভা করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দলটির "লকডাউন" কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছিল।
থানায় অগ্নিসংযোগে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ছবি: ভিডিও থেকে নেওয়া





