২০১৪-১৫ থেকে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে, ফরেনসিক অডিটে সাত খাতে গরমিল
আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪-১৫ অর্থবছর থেকে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রতিবছর বাড়িয়ে দেখানো হয়েছে বলে সরকারি এক ফরেনসিক অডিটের প্রাথমিক ফলাফলে উঠে এসেছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দপ্তরে এক সেমিনারে এ ফলাফল তুলে ধরা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, সাত সদস্যের প্যানেলের হিসাবে প্রবৃদ্ধি বছরে শূন্য দশমিক ৭ থেকে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানো হয়েছে। ফিন্যান্সিয়াল এক্সপ্রেস প্রবৃদ্ধি বেশি দেখানোর পরিমাণ শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট উল্লেখ করেছে।
অডিটে শিল্প খাতের ২২টি উপখাত পরীক্ষা করা হয়, এর মধ্যে ১৬টিতে অস্বাভাবিক উল্লম্ফন পাওয়া গেছে। সিমেন্ট খাতে টানা তিন বছর ৬১ দশমিক ৬, ৫১ দশমিক ৭ ও ৪৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল। জাহাজ নির্মাণ খাতে ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি দেখানো হয় ২৪২ দশমিক ৪ শতাংশ। পেট্রোলিয়াম পরিশোধনে এক বছরে ৮৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পর পরের বছর ৫০ দশমিক ৩ শতাংশ সংকোচন দেখা যায়।
প্যানেল প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর সাতটি উৎস চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে কারখানার নিজস্ব দেওয়া উৎপাদনের তথ্য, শিল্প উৎপাদন হিসাবে কর-তথ্যের ব্যবহার, রপ্তানির স্ফীত পরিসংখ্যান, যাচাইহীন রাষ্ট্রীয় একচেটিয়া উৎপাদনের তথ্য, নির্মাণ খাতের ত্রুটিপূর্ণ হিসাব, ক্ষুদ্র শিল্পের যান্ত্রিক প্রক্ষেপণ ও ভর্তুকি সমন্বয়ের ভুল। তবে তৈরি পোশাক খাতে এমন অসংগতি পাওয়া যায়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো, কাস্টমস ও বাংলাদেশ ব্যাংকের রপ্তানি তথ্যে গরমিল থাকায় এখন থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যকেই প্রামাণ্য ধরা হবে বলে জানানো হয়েছে। জিডিপির হিসাব বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের সঙ্গে মিলিয়ে দেখা, ত্রৈমাসিক জিডিপি প্রকাশ ও উন্মুক্ত তথ্যনীতিসহ বেশ কিছু সংস্কারের কথাও বলা হয়।
সেমিনারে বিআইডিএসের মহাপরিচালক অধ্যাপক এ কে এনামুল হক, জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ ও সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বক্তব্য দেন। তাঁরা বিবিএসের সক্ষমতা ও স্বাধীনতা বাড়ানো, জাতিসংঘের জাতীয় হিসাব পদ্ধতি অনুসরণ এবং জাতীয় ইনপুট-আউটপুট ম্যাট্রিক্স তৈরির পরামর্শ দেন।
এর আগে ২০২৪ সালের শ্বেতপত্র কমিটি ও বিশ্বব্যাংকও সরকারি জিডিপি হিসাব নিয়ে প্রশ্ন তুলেছিল। তথ্য কারসাজির অভিযোগের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: ইউএনবি (ফাইল)





