শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ
শ্রমিক অসন্তোষ চলা কারখানাগুলোতে শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার (১৫ নভেম্বর) থেকে সেসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ সিদ্ধান্তের কথা জানান। দুপুর ১২টার পর শুরু হওয়া বৈঠকে প্রায় ২০০ কারখানা মালিক অংশ নেন বলে জানা গেছে। বৈঠকে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, "সংশ্লিষ্ট এলাকার কারখানা মালিকেরা কঠিন পরিস্থিতিতে পড়েছেন এবং তারা কারখানা সচল রাখতে পারছেন না।" তিনি জানান, ওই সব কারখানার মালিকেরা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে বিজিএমইএকে জানিয়েছেন।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত এই ধারায় ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা কাজ না করায় শনিবার ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এসব কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। রোববার থেকে ঠিক কতটি কারখানা বন্ধ হবে, তা জানানো হয়নি; প্রতিদিন একই কারখানায় অসন্তোষ না হওয়ায় সংখ্যাটি বদলাতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে কারখানা বন্ধে মালিকেরা একমত হয়েছেন। বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকেরা কারখানায় এসে হাজিরা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, এমনকি তাদের কারখানা ভাঙচুরে বাধ্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না হলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনাও প্রশ্নের মুখে পড়বে বলে জানান তিনি।
শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ থাকলে ওই সময়ের মজুরি পান না শ্রমিকেরা (নো ওয়ার্ক, নো পে)।
এদিকে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, "শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।" এতে শ্রমিক আন্দোলন আরও উসকে উঠতে পারে বলে মনে করেন তিনি।
এর আগে একই ধারায় সাভার-আশুলিয়ার অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
ছবি: টিবিএস





