শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় আরও পাঁচ থেকে সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। সকালে কাজে এসে নোটিশ দেখে অনেক শ্রমিক বাড়ি ফিরে যান; কেউ কেউ বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ’ করা হয়েছে। তিনি জানান, ‘আজ এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ সম্ভাব্য নাশকতা বা ভাঙচুর ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থান ও বন্ধ কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী, বন্ধ হওয়া কারখানার মধ্যে রয়েছে চানটিক গার্মেন্টস, আজমত অ্যাপারেলস, আল্পস অ্যাপারেলস, আনাম গার্মেন্টস, নিউএজ গার্মেন্টস ও এনভয় গ্রুপের কারখানা।
‘কাজ নেই, মজুরি নেই’
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ করা হয়েছে। এই ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতি প্রযোজ্য, অর্থাৎ কারখানা বন্ধ থাকা সময়ের মজুরি শ্রমিকেরা পাবেন না। কারখানার মালিকেরা স্থাপনা, সম্পদ ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনের কথা উল্লেখ করেছেন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘এভাবে কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে।’ তবে সার্বিক পরিস্থিতি মোটামুটি শান্ত এবং খোলা থাকা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজ চলছে বলেও জানান তিনি।
কেন এই অসন্তোষ
গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড় এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস ও খাবার ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করে আসছেন এবং কর্মবিরতি পালন করছেন। কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের আহ্বানেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।
পোশাকশ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। চলতি মাসের শুরুতে মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহনে আগুনের ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রীসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন। এরপর শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন এবং শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।
আশুলিয়ায় একটি কারখানার ফটকে ‘কারখানা বন্ধ’ নোটিশ। ছবি: পলাশ খান/দ্য ডেইলি স্টার





