এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র বা ‘কিলার রোবট’ ও ড্রোন নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম তৈরির উদ্যোগ আবারও আটকে গেছে। জেনেভায় জাতিসংঘ-সমর্থিত সপ্তাহব্যাপী অস্ত্রবিষয়ক সম্মেলন শেষে শনিবার (২১ নভেম্বর) দেশগুলো শুধু আলোচনা আরও দুই বছর চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো ২০২৮ সালের মধ্যে এ ধরনের অস্ত্র নিয়ে একটি সম্ভাব্য চুক্তির কাঠামো ‘বিস্তারিতভাবে তৈরি’ করতে রাজি হয়েছে। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বহু দেশ ও অধিকারকর্মীরা যে বাধ্যতামূলক নিয়ম চেয়েছিলেন, সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি আসেনি। বার্তা সংস্থা রয়টার্স ও এপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক উচ্চ প্রতিনিধি ইজুমি নাকামিৎসু এ সিদ্ধান্তকে ‘উল্লেখযোগ্য অর্জন’ বললেও স্বীকার করেন, পরিস্থিতিটা ‘গ্লাস অর্ধেক ভরা নাকি অর্ধেক খালি’—দুভাবেই দেখা যায়।
অধিকারকর্মীদের অভিযোগ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিধর দেশগুলো কঠোর ভাষা যুক্ত করার পথে বাধা দিয়েছে। ‘স্টপ কিলার রোবটস’ সংগঠন একে ‘দুর্বল ম্যান্ডেট’ বলে হতাশা প্রকাশ করেছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মেশিন লার্নিং বিশেষজ্ঞ ম্যাক্স টেগমার্ক বলেন, দেশগুলো টানা ১৪তম বছরের মতো শুধু আলোচনাকেই যথেষ্ট মনে করছে।
সম্মেলনের আগে ব্রাজিল, অস্ট্রিয়া, বেলজিয়াম, আয়ারল্যান্ড, মেক্সিকো, নিউজিল্যান্ড ও পানামা মানুষের নিয়ন্ত্রণ ছাড়া যন্ত্রের মাধ্যমে হত্যা ঠেকাতে নিয়মনীতি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছিল। সেই প্রচেষ্টা সফল হয়নি। ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ার বলেন, ‘প্রযুক্তি কূটনীতির চেয়ে দ্রুত এগোচ্ছে।’
চলতি বছর শেষে দায়িত্ব ছাড়তে যাওয়া গুতেরেস এ ধরনের অস্ত্র নিয়ে চুক্তির আলোচনা শুরুর জন্য ২০২৬ সালকে সময়সীমা নির্ধারণ করেছিলেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক করেছে, স্বয়ংক্রিয় অস্ত্রের আচরণ ‘অপ্রত্যাশিত’ হতে পারে।
সূত্র: এপি, রয়টার্স





