পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্বে ভয়েজার-১, ইতিহাসে প্রথম
মানুষের তৈরি প্রথম কোনো বস্তু হিসেবে পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। অর্থাৎ আলোর গতিতে চলা একটি রেডিও সংকেত মহাকাশযানটি থেকে পৃথিবীতে পৌঁছাতে এখন পুরো ২৪ ঘণ্টা সময় লাগছে।
বার্তা সংস্থা এপি জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাসার ফ্লাইট কন্ট্রোলাররা ভয়েজার-১-এর পাঠানো সংকেত গ্রহণ করেন, যা পাঠানোর ঠিক ২৪ ঘণ্টা পর পৌঁছায়। এ সময় সংকেতটি ২ হাজার ৬০০ কোটি কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয়। নাসার হিসাবে, মহাকাশযানটি ১৮ নভেম্বর এই দূরত্বে পৌঁছায়।
ক্যালিফোর্নিয়ার জেট প্রপালশন ল্যাবরেটরিতে সংকেত নিশ্চিত হওয়ার পর কন্ট্রোলাররা করতালিতে মেতে ওঠেন। নাসার বিজ্ঞান মিশনের প্রধান নিকি ফক্স বলেন, ভয়েজার আবারও রেকর্ড ভাঙছে, সীমানা ছাড়িয়ে মানবজাতিকে নিয়ে যাচ্ছে এক অনন্ত যাত্রায়।
১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার-১ ১৯৭৯ সালে বৃহস্পতি ও ১৯৮০ সালে শনি গ্রহের পাশ দিয়ে যায়। ১৯৯০ সালে এটি পৃথিবীর বিখ্যাত ‘পেল ব্লু ডট’ ছবি তোলে এবং ১৯৯৮ সালে মানুষের তৈরি সবচেয়ে দূরের বস্তুতে পরিণত হয়। পরে সূর্যের প্রভাব বলয় পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাশূন্যে প্রবেশ করে।
ভয়েজার-১ ও এর যমজ ভয়েজার-২ নাসার দীর্ঘতম সময় ধরে চলা মহাকাশ মিশন। প্রায় অর্ধশতাব্দী ধরে এগুলো তথ্য পাঠিয়ে যাচ্ছে।
(ছবি: ১৯৭৭ সালে উৎক্ষেপণের আগে ভয়েজার মহাকাশযানের সামনে প্রকল্প ব্যবস্থাপক জন কাসানি। ছবি: নাসা/জেপিএল)
সূত্র: এপি, নাসা





