ডেমোক্র্যাটদের পরিকল্পিত তদন্তে ‘সুস্পষ্ট অপরাধের’ হুঁশিয়ারি হোয়াইট হাউসের
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যেসব তদন্তের পরিকল্পনা করছে, তার কিছু অংশ ‘সুস্পষ্ট অপরাধের’ পর্যায়ে পড়তে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের কৌঁসুলি উইল শার্ফ প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়াকে চলতি সপ্তাহের সোমবার এক চিঠিতে এ কথা জানান। চিঠির খবর প্রথম প্রকাশ করে পাঞ্চবোল নিউজ।
চিঠিতে শার্ফ লেখেন, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের জনসেবা থেকে বিরত রাখতে হুমকি দেওয়া এবং কেবল হয়রানি বা ভয় দেখানোর উদ্দেশ্যে আইনি প্রক্রিয়া চালানো ‘সুস্পষ্ট অপরাধের সীমা অতিক্রম করতে পারে’।
জবাবে ক্যাপিটলের বাইরে গার্সিয়া বলেন, “ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতই কিছু লুকাচ্ছেন।” তিনি আরও বলেন, ডেমোক্র্যাটদের হুমকি দিয়ে বা ভয় দেখিয়ে থামানো যাবে না এবং প্রেসিডেন্টকে বুঝতে হবে যে কংগ্রেস সরকারের সমমর্যাদার একটি শাখা।
জানুয়ারিতে নতুন কংগ্রেস বসলে গার্সিয়া ওভারসাইট কমিটির চেয়ারম্যান হবেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প পরিবারের সম্পদবৃদ্ধি, জেফরি এপস্টিন তদন্ত পরিচালনা, অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর কার্যক্রম, হোয়াইট হাউসের বলরুম নির্মাণ এবং ক্রিপ্টো লেনদেনসহ বিভিন্ন বিষয়ে তদন্তের পরিকল্পনা রয়েছে তাঁর। হোয়াইট হাউস ও ট্রাম্প সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
বর্তমান কমিটির রিপাবলিকান চেয়ারম্যান জেমস কোমার বলেছেন, কমিটি ‘অত্যন্ত স্বাধীন’। অন্যদিকে ডেমোক্র্যাট প্রতিনিধি মার্ক ডিসলনিয়ার বলেন, “তারা যদি ভয় দেখাতে চায়, অন্তত আমার ক্ষেত্রে তা কাজ করবে না।”
সূত্র: এমপিআর নিউজ (এপি), স্পেকট্রাম নিউজ
ছবি: এপি (ফাইল)





