মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা
সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, “কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।” নিয়োগের যেকোনো পর্যায়ে অর্থ আদায়ে জড়িত দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তিদের প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে অভিবাসন ব্যয় ছিল প্রায় ৭৯ হাজার টাকা। তবে সে সময় রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কর্মীপ্রতি সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ছিল।
এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বোয়েসেল বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রথম ধাপে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার মালয়েশীয় নিয়োগকর্তাদের কাছ থেকে ৫৬৮টি চাহিদাপত্র পেয়েছে এবং ডিসেম্বরের আগে কর্মী পাঠানোর লক্ষ্য রয়েছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলা ট্রিবিউন
ছবি: উইকিমিডিয়া কমন্স (প্রতীকী)





