লেবাননে ১০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটে: জাতিসংঘ
লেবাননের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ, অর্থাৎ ১০ লাখের বেশি মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে রয়েছে। আগামী বছরের মাঝামাঝি এ সংখ্যা ১১ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও লেবাননের কৃষি মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে আল জাজিরা জানিয়েছে, দুই বছরের কম সময়ে দুটি সংঘাত ও গুরুতর অর্থনৈতিক সংকট এ পরিস্থিতির মূল কারণ। কর্মসংস্থানের অভাব, সঞ্চয় ফুরিয়ে যাওয়া, ঋণের বোঝা এবং খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যে পরিবারগুলো চাপে রয়েছে। লেবানন কর্তৃপক্ষের হিসাবে সংঘাতের ক্ষতি প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার।
মার্চে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। জুনে সহিংসতা কমার পরও প্রায় ৩ লাখ মানুষ এখনো ঘরে ফিরতে পারেনি।
ডব্লিউএফপির কর্মকর্তা অ্যালিসন ওমান লাওয়ি বলেন, “পরিবারগুলোর হাতে যখন আর কিছুই থাকে না, তখন সামান্য নতুন ধাক্কাও তাদের আরও গভীর সংকটে ঠেলে দিতে পারে।”
সূত্র: আল জাজিরা, এএফপি
ছবি: রয়টার্স (ফাইল)





