জাল ভ্রমণ করে ভারতে যাওয়ার পথে সাত ভারতীয় নাগরিক আটক, মুচলেকায় মুক্তি
জাল ভ্রমণ করের রশিদ দেখিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যাওয়ার সময় সাত ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করে রাখে কাস্টমস কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে নতুন করে ভ্রমণ কর জমা দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট কাস্টমস-ইমিগ্রেশন ভবনে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে ভ্রমণ করের রশিদ জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলে তথ্য পাওয়া গেছে। এ কারণে আমাদের কর্মকর্তাদের ভ্রমণ করের রশিদ ভাল করে দেখার নির্দেশ দেওয়া আছে। বৃহস্পতিবার এই চক্রের দেওয়া জাল রশিদ নিয়ে সাত জন ভারতীয় পাসপোর্টযাত্রী ভারতে যাওয়ার সময় তাদের ভ্রমণ করের রশিদ জাল প্রমাণিত হওয়ায় তাদের আটক রাখা হয়। পরে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়িত না হওয়ার মুচলেকা নিয়ে তাদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
ভারতীয় পাসপোর্টযাত্রীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বেনাপোল চেকপোস্টের স্থানীয় একটি দালাল চক্রের মাধ্যমে তারা জাল ভ্রমণ কর নিয়েছিলেন। দালালরা দ্রুত বর্ডার পার করে দেয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে জাল রশিদ দিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করিয়ে দেন। ভারতীয় পাসপোর্টযাত্রীরা হলেন, বনিক প্রান্ত, রঞ্জিত, রতন কুমার, বিশ্বজিৎ, যুবরাজ সাহা, দ্বীপা রানী ও দেব কুমার।
তাদের একজন বিশ্বজিৎ জানান, বাংলাদেশ থেকে ভারতে ফেরার সময় দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে দেওয়ার আশ্বাসে বেনাপোল চেকপোস্ট এলাকার একটি চক্রের কাছে পাসপোর্ট জমা দেন। পরে তাদের কাছ থেকে ভ্রমণ করের রশিদ পান। ওই রশিদ নিয়ে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে তা জাল বলে শনাক্ত করে। এমন কাজ ভবিষ্যতে না করার শর্তে মুচলেকা নিয়ে নতুন করে ভ্রমণ কর নিয়ে তাদেরকে দেশে ফেরার সুযোগ দেয়া হয়।
অভিযোগ রয়েছে, চেকপোস্টের একটি চক্র ভারতে যাওয়ার উদ্দেশ্যে আসা পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। এরপর বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে জাল ভ্রমণ কর ও বন্দর করের রশিদ তৈরি করে যাত্রীদের সরবরাহ করা হয়। যা দীর্ঘদিন ধরে চললেও অজ্ঞাত কারনে আইন প্রয়োগকারী সংস্থাকে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, জাল ভ্রমণ করের রশিদ ব্যবহারের ঘটনায় সাত ভারতীয় পাসপোর্টযাত্রীকে আটক করেছিল কাস্টমস কর্তৃপক্ষ। তবে, বিষয়টি নিয়ে তাদেরকে কিছু জানানো হয়নি। #





