নেত্রকোণায় ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আলোচিত মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার আলোচিত ১১ বছরের শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলার মদন উপজেলায় ১১ বছরের ওই শিশুটি ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ মামলায় আলোচিত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে (৩০) মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।
চাঞ্চল্যকর ওই ঘটনায় জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অপর আসামি দণ্ডিত শিক্ষকের বড় ভাইয়ের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর বলেন, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ ৬০ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়েছে। মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ ছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিএনএ পরীক্ষার প্রতিবেদন। ওই প্রতিবেদনে ভুক্তভোগী শিশুর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসায় পড়াশোনা করত। শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত ১৮ এপ্রিল পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, সে অন্তঃসত্ত্বা। পরে শিশুটি পরিবারের কাছে ধর্ষণের বিষয়টি জানায়।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাই মামুন মিয়ার বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান গত ২৭ আগস্ট আমান উল্লাহ মাহমুদী ও তার বড় ভাইকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ২৮ সেপ্টেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।
এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে শিশুটির পরিবার। তার মা বলেন, আসামির সর্বোচ্চ শাস্তি হওয়ায় এই রায়ে আমরা সন্তুষ্ট।
(ভুক্তভোগী শিশুর পরিচয় সুরক্ষায় তার ও পরিবারের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।)





