হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে দিল্লির ভাবনা: দুই শর্তের কারণে সম্ভাবনা ক্ষীণ — বিবিসি বাংলা
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিলেও দুটি বিশেষ শর্তের কারণে তা বাস্তবায়নের সম্ভাবনা “অত্যন্ত ক্ষীণ” বলে মনে করছে দিল্লি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে ভারতীয় সরকারি কর্মকর্তা, সামরিক সূত্র ও কূটনৈতিক পর্যবেক্ষকদের বরাতে এ কথা বলা হয়েছে। দৈনিক আমার দেশ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কর্মকর্তাদের ভাষ্যে প্রথম শর্ত হলো—বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আকাশ বা স্থলপথে তাঁর ফেরা এবং ফেরার পর নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীর নেওয়া। দ্বিতীয় শর্ত হলো—মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যা মামলার নতুন করে বিচারের নিশ্চয়তা। এসব শর্ত নিয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকা নোট ভার্বালের মাধ্যমে হাসিনাকে ফেরত চাইলেও ভারত এখনো সাড়া দেয়নি। ভারতীয় পর্যবেক্ষকদের মতে, তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় দিল্লি মনে করছে, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াই তাঁর সামনে একমাত্র পথ; তবে তাঁকে সরাসরি ঢাকার হাতে তুলে দিতে দিল্লি রাজি নয়।
ভারতীয় পর্যবেক্ষকদের ধারণা, জ্বালানি সংকট ও শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় ঢাকাও এখনই তাঁর ফেরা চায় না। ফলে আগামী কয়েক সপ্তাহে শর্ত পূরণ হয়ে ডিসেম্বরে তাঁর ফেরার সম্ভাবনা খুবই কম। একই বিষয়ে ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের দুই শর্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে আমার সংবাদও।
সূত্র: বিবিসি বাংলা (দৈনিক আমার দেশের মাধ্যমে), আমার সংবাদ
ছবি: ভারত সরকার/উইকিমিডিয়া কমন্স (ফাইল)





