গাজার ত্রাণ কার্যক্রম দেখতে রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন
গাজায় পাঠানো মানবিক সহায়তার প্রস্তুতি সরেজমিনে দেখতে মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি উত্তর সিনাইয়ের আল-আরিশে পৌঁছান।
উত্তর সিনাই গভর্নরেট তাদের ফেসবুক পেজে জানিয়েছে, হ্যামিল্টন রাফাহ ক্রসিং এবং আল-আরিশে মিসরীয় রেড ক্রিসেন্টের ত্রাণ গুদাম ঘুরে দেখেন। গাজায় পাঠানোর আগে মানবিক ও ত্রাণ সহায়তা কীভাবে প্রস্তুত ও সমন্বয় করা হয়, সে বিষয়ে তাঁকে বিস্তারিত জানানো হয়।
সফরে তাঁর সঙ্গে ছিলেন উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মেগাওয়ার। গভর্নর বলেন, গাজায় সহায়তা পৌঁছাতে মিসরের প্রচেষ্টা কাছ থেকে দেখানোর জন্যই এই সফরের আয়োজন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ২০ লাখ ফিলিস্তিনি এখনো বাস্তুচ্যুত। মৌসুমি ভারী বৃষ্টিতে সেখানকার অস্থায়ী আশ্রয়শিবিরগুলো প্লাবিত হচ্ছে।
৪১ বছর বয়সী ব্রিটিশ এই চালক দীর্ঘদিন ধরে মানবিক ও দাতব্য কার্যক্রমে যুক্ত। তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ২০২১ সালে তিনি ‘মিশন ৪৪’ নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। ফেরারির হয়ে খেলা হ্যামিল্টন বর্তমানে ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থানে রয়েছেন।
সূত্র: আফ্রিকানিউজ, বিডিনিউজ২৪
ছবি: এপি





