বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০০০ কোটি ডলারের মানহানির মামলা চলবে: মার্কিন আদালত
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন (১০০০ কোটি) ডলারের মানহানির মামলা খারিজের আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেফরি কান্টজ মঙ্গলবার এ আদেশ দেন। ফলে মামলাটি এখন পরবর্তী ধাপে যাবে।
তবে বিবিসি ফ্লোরিডার অন্যায্য ব্যবসায়িক চর্চাসংক্রান্ত আইন ভঙ্গ করেছে—ট্রাম্পের এমন অভিযোগটি খারিজ করেছেন বিচারক। আদেশে তিনি লিখেছেন, ট্রাম্প এসব অভিযোগ প্রমাণ করতে পারবেন কি না এবং ক্ষতির প্রমাণ দিতে পারবেন কি না, তা ‘অন্য দিনের’ বিবেচ্য।
২০২৪ সালের নির্বাচনের এক সপ্তাহ আগে প্রচারিত বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানের একটি প্রামাণ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণের দুটি অংশ জোড়া লাগিয়ে দেখানো হয়েছিল। ট্রাম্পের আইনজীবীদের দাবি, প্রায় ৫৫ মিনিটের ব্যবধানে দেওয়া দুই অংশ জুড়ে দেওয়া হয় এবং শান্তির আহ্বান বাদ দেওয়া হয়। এ নিয়ে বিবিসি ক্ষমা চায় এবং প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও বার্তাপ্রধান পদত্যাগ করেন। তবে মানহানির অভিযোগ অস্বীকার করেছে বিবিসি।
রায়ের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে একে ‘ভুয়া খবরের বিবিসির বিরুদ্ধে বিশাল জয়’ বলে উল্লেখ করেন। অন্যদিকে বিবিসির এক মুখপাত্র বলেন, “আমরা এ সিদ্ধান্তে বিস্মিত, তবে আদালতের কর্তৃত্বকে সম্মান করি।” আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জবাব দেওয়া হবে বলে জানিয়েছে বিবিসি। এর আগে আরেক বিচারক ১১ ডিসেম্বরের মধ্যে ট্রাম্পকে বিবিসির আইনজীবীদের মুখোমুখি জবানবন্দি দেওয়ার নির্দেশ দেন।
ছবি: হোয়াইট হাউস (ড্যানিয়েল টোরোক)





