ভেটেরান্স ডে-তে আর্লিংটনে ট্রাম্প: প্রস্তাবিত বিজয় তোরণ উৎসর্গ হবে সাবেক সেনাদের
যুক্তরাষ্ট্রের ভেটেরান্স ডে উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে তিনি বলেন, ওয়াশিংটনে যে বিশাল ‘বিজয় তোরণ’ নির্মাণের পরিকল্পনা তাঁর রয়েছে, সেটি সাবেক সেনা ও সামরিক বাহিনীর প্রতি উৎসর্গ করা হবে।
ট্রাম্প বলেন, “শিগগিরই আমরা আমাদের সাবেক সেনাদের উদ্দেশে একটি চমৎকার বিজয় তোরণ উৎসর্গ করব।” প্রায় ২৫০ ফুট উঁচু তোরণটি আর্লিংটন সমাধিক্ষেত্র ও লিংকন মেমোরিয়ালের কাছে নির্মাণের প্রস্তাব রয়েছে। প্যারিসের আর্ক দ্য ত্রিয়োম্ফের আদলে এটি তৈরির কথা বলেছেন ট্রাম্প।
বার্তা সংস্থা এপি জানায়, তিনজন সাবেক সেনাসহ কয়েকটি পক্ষ প্রকল্পটি আটকাতে আদালতে মামলা করেছে। গত সপ্তাহে ফেডারেল বিচারক তানিয়া চুটকান ১৪ দিনের জন্য নির্মাণকাজ স্থগিত রাখার অন্তর্বর্তী আদেশ দেন। প্রকল্পের ব্যয় বা অর্থের উৎস সরকারিভাবে জানানো হয়নি, তবে কিছু হিসাবে তা ১০ কোটি ডলার পর্যন্ত হতে পারে।
প্রায় ২৫ মিনিটের বক্তব্যে ট্রাম্প দেশের স্বাধীনতা রক্ষায় সেনাসদস্যদের অবদানের প্রশংসা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম ও আফগানিস্তান যুদ্ধের কয়েকজন প্রবীণ সেনাকে সম্মান জানান। এর মধ্যে ছিলেন বুলজের যুদ্ধে অংশ নেওয়া ১০৩ বছর বয়সী করপোরাল জ্যাক মায়ার্স। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ভেটেরান্স অ্যাফেয়ার্স মন্ত্রী ডগ কলিন্সও বক্তব্য দেন। এর আগে ট্রাম্প অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
ছবি: এপি





