গোপালগঞ্জে হত্যাযজ্ঞের পরিকল্পনার প্রচারণা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি
গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হত্যাযজ্ঞের পরিকল্পনা করছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন প্রচারণাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছে বাহিনীটি। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম জড়িয়ে মনগড়া ও উসকানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
সোমবার (২৩ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে বাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণায় গোপালগঞ্জে তথাকথিত অভিযান বা হত্যাযজ্ঞের আশঙ্কা ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং মানুষকে বিজিবির ওপর হামলায় প্ররোচিত করা হচ্ছে।
বিজিবি জানায়, জেলা প্রশাসনের চাহিদা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বর্তমানে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল দিচ্ছেন তাঁরা।
জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।





