আইওয়ার সেনা গোলাবারুদ কারখানায় সোমবার উড়িয়ে দেওয়া হবে প্রায় ৯,৭০০ পাউন্ড লেড অ্যাজাইড, সীসা-ধুলা নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মিডলটাউনে আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে মজুত থাকা প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ড ক্ষয়প্রাপ্ত বিস্ফোরক লেড অ্যাজাইড নিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। ৬৮টি ব্যারেলে রাখা এসব বিস্ফোরক অস্থিতিশীল হয়ে পড়ায় জরুরি বিধান প্রয়োগ করে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিস্ফোরণ ঘটানোর কথা থাকলেও তা পিছিয়ে সোমবার (২৩ নভেম্বর) নির্ধারণ করা হয়েছে। ভারপ্রাপ্ত সেনাসচিব অ্যাডাম টেলে জানান, তাপমাত্রা কমে গেলে উপাদানগুলো আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে; তাই সোমবারই সম্ভাব্য শেষ দিন। তিনি বলেন, ‘জননিরাপত্তাই সেনাবাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার।’
বিস্ফোরণে সীসাযুক্ত ধুলার মেঘ তৈরি হবে, যা প্রায় এক ঘণ্টা বাতাসে থাকতে পারে। প্রায় ৪০০ বাসিন্দার শহর মিডলটাউনের নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সাময়িকভাবে সরে যেতে বলা হয়েছে। অন্যদের দরজা-জানালা বন্ধ রেখে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকটি স্কুল বন্ধ রাখার পরিকল্পনা রয়েছে।
আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল ও সিয়েরা ক্লাবের আইওয়া শাখা ফেডারেল আদালতে বিস্ফোরণ স্থগিতের আবেদন করেছে। তাদের দাবি, সীসার ধুলা প্রায় ২৫ মাইল দীর্ঘ ও ৫ মাইল প্রশস্ত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, শিশুদের রক্তে সীসার কোনো নিরাপদ মাত্রা নেই।
সূত্র: এবিসি নিউজ, এপি





