সিয়াটল বিমানবন্দরে যাত্রী ওঠার সময় জেট ব্রিজ থেকে দুজনকে আটক করল মুখোশধারী আইসিই কর্মকর্তারা
যুক্তরাষ্ট্রের সিয়াটল-ট্যাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীরা যখন উড়োজাহাজে উঠছিলেন, তখন জনাকীর্ণ জেট ব্রিজ থেকে দুজনকে আটক করেছেন মুখোশধারী অভিবাসন কর্মকর্তারা। শনিবারের এ ঘটনায় লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটটি দেরিতে ছাড়ে। এয়ারলাইনস ঘটনাটিকে যাত্রী ও কর্মীদের জন্য ‘বেদনাদায়ক’ দৃশ্য বলে উল্লেখ করেছে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা অন্তত একজনকে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় এক নারী চিৎকার করে বলছিলেন, তাঁর মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাঁর কাজের অনুমতিপত্র আছে।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এক বিবৃতিতে জানায়, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকোর নাগরিক রিকার্দো লারোন্দো মেন্দোসাকে গ্রেপ্তারে লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়। আইসিইর দাবি, এ সময় আরেক যাত্রী কর্মকর্তাদের দিকে গরম কফি ছুড়ে মারেন। সোফিয়া হার্নান্দেজ মেহিয়া নামের ওই নারীও ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করছিলেন বলে আইসিই জানায়। তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এপি, আইসিইর বিবৃতি





