চবির শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, নাশকতা সন্দেহ প্রক্টরের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে ট্রেনের কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। পরে ওই ট্রেনের বদলে অন্য একটি ট্রেনে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, এক ব্যক্তি বগির ভেতরে আগুনের কথা বলে চিৎকার করলে রেলওয়ের এক কর্মী আগুন নেভাতে এগিয়ে যান। পরে বগিতে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়া যায়, একটি কেরোসিনের বোতলও মেলে এবং আসনে কেরোসিন মাখানো ছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, ঘটনাটি নাশকতার চেষ্টা বলে মনে হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ করা হয়েছে।





