নোয়াখালীতে টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা পুলিশের
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) নোয়াখালী পুলিশ লাইন্সে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের Physical Endurance Test (PET)-এর প্রথম ধাপ হিসেবে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
নিয়োগ কার্যক্রমের শুরু থেকেই প্রার্থীদের মধ্যে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন নোয়াখালীর পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি এন এম নাসিরুদ্দিন।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন এবং অসাধু তৎপরতা থেকে দূরে থাকার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই টিআরসি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়োগকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা চক্র আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্টদের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
নোয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, একটি মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে কাজ করছে। এ ক্ষেত্রে প্রার্থীদের শৃঙ্খলা, নিয়ম মেনে চলা এবং ইতিবাচক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।
নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা মুহাম্মদ মিনহাজুল ইসলাম; নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন; লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম; নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার; কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান; পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) সজিব ত্রিপুরাসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও মেডিকেল বোর্ডের সদস্যরা।
প্রথম দিনের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় প্রার্থীদের মধ্যেও সন্তোষ দেখা গেছে। জেলা পুলিশের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রার্থীদের নিয়ম-কানুন মেনে চলা এবং কোনো ধরনের দালাল বা প্রতারকের আশ্রয় না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।





