মহাকাশে সফলভাবে চালু গুগলের এআই চিপ, স্যাটেলাইট থেকে লিখল কবিতা
মহাকাশে সৌরশক্তিচালিত ডেটা সেন্টার গড়ার পরিকল্পনায় বড় ধাপ পেরোল গুগল। প্রতিষ্ঠানটির ‘প্রজেক্ট সানক্যাচার’-এর প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইটে থাকা এআই চিপ টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) কক্ষপথে সফলভাবে চালু করা হয়েছে।
গত ১ অক্টোবর স্পেসএক্সের রকেটে স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়। ৩০ অক্টোবর গুগল জানায়, স্যাটেলাইটের টিপিইউতে চলা প্রতিষ্ঠানটির উন্মুক্ত এআই মডেল ‘জেমা ৪’-কে মহাকাশ নিয়ে একটি ছোট কবিতা লিখতে বলা হলে সেটি তিন লাইনের একটি হাইকু তৈরি করে। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে উত্তরটি পৃথিবীতে পাঠানো হয়।
গুগলের দাবি, কক্ষপথে থাকা ডেটা সেন্টার মানের কোনো টিপিইউ থেকে এআইয়ের স্বয়ংক্রিয় উত্তর তৈরির এটিই প্রথম ঘটনা। প্রতিষ্ঠানটির ‘প্যারাডাইমস অব ইন্টেলিজেন্স’ দলের প্রধান ট্র্যাভিস বেলস লিখেছেন, “আমাদের চিপগুলো আনুষ্ঠানিকভাবে মহাকাশে কাজ করার সক্ষমতা পেয়েছে।”
তবে চ্যালেঞ্জও কম নয়। মহাকাশে বাতাস না থাকায় তাপ নিয়ন্ত্রণ কঠিন, রয়েছে মহাজাগতিক বিকিরণ ও তাপমাত্রার চরম ওঠানামা। গুগলের পরবর্তী ধাপ হবে এসব পরিস্থিতিতে চিপ কতটা নির্ভরযোগ্যভাবে কাজ করে, তা যাচাই করা। ২০২৭ সালে পরস্পর সংযুক্ত দুটি স্যাটেলাইট নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বিশেষজ্ঞদের মতে, এআইয়ের বিপুল বিদ্যুৎ চাহিদা মেটাতে মহাকাশে সূর্যের অফুরন্ত শক্তি কাজে লাগানোর এই উদ্যোগ ভবিষ্যতের কম্পিউটিংয়ে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে প্রকল্পটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, গুগল ব্লগ
ছবি: গুগল





