জগতি চিনিকল নিয়ে আর অবহেলা নয়, দ্রুত চালুর দাবিতে কুষ্টিয়ায় গণসমাবেশ।
তানভীর আজাদ
কুষ্টিয়া প্রতিনিধি | New York Voice Bangla.
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী জগতি চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রতিবাদ ও গণসমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী, আখচাষি ও শ্রমিকেরা। বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান ফিরিয়ে আনা, আখচাষিদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং চিনিকলটির আধুনিকায়নের দাবি জানিয়েছেন বক্তারা। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়ার জগতি চিনিকলের প্রধান ফটকে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা নায়েবে আমির মো. আবদুল গফুর। তিনি বলেন, জগতি চিনিকল শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান নয়, এটি কুষ্টিয়ার অর্থনীতি ও বহু মানুষের জীবিকার সঙ্গে জড়িত। দীর্ঘদিন কারখানাটি বন্ধ থাকায় শ্রমিক পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে। একই সঙ্গে আখচাষিরাও তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য বাজার ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত চিনিকল চালু করে কর্মসংস্থান ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
বিশেষ অতিথি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, কৃষক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। জগতি চিনিকল আধুনিকায়নের মাধ্যমে দ্রুত চালু করা প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, চিনিকলটি পুনরায় চালু হলে কুষ্টিয়াসহ আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আখচাষিরাও উপকৃত হবেন। এ দাবিতে সংসদ ও রাজপথে ভূমিকা রাখার কথা জানান তিনি।
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. এনামুল হক, সহকারী সেক্রেটারি মো. খাইরুল ইসলাম রবিন, মিরপুর উপজেলা আমির রেজাউল করিম, কুষ্টিয়া শহর আমির আনিসুর রহমান পারভেজ, সুগার মিল আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আলম মালিথা ও সেক্রেটারি মীর শাহাবুর রহমান খয়বার।
এ ছাড়া শ্রমিক নেতা নুরুল ইসলাম নূরী, সিবিএর সাবেক সভাপতি জাহিদুল ইসলাম লতিফ ও নিজামুল করিম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসিন আলী বক্তব্য দেন।
বক্তারা বলেন, চিনিকলটি বন্ধ থাকায় শুধু শ্রমিক-কর্মচারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আখচাষি ও তাঁদের ওপর নির্ভরশীল স্থানীয় ব্যবসায়ীরাও সংকটে পড়ছেন। তাই সরকারি উদ্যোগে কারখানাটির আধুনিকায়ন, নিয়মিত আখ মাড়াই কার্যক্রম চালু এবং সংশ্লিষ্টদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সুগার মিল আখচাষি কল্যাণ সমিতি, সিবিএ ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা অংশ নেন। এ সময় স্থানীয় শ্রমিক, কর্মচারী, আখচাষি ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল।