শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের আহ্বান
বাংলাদেশি নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন ইপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। এর আগে দিনটিতে বাংলাদেশ-কানাডা ষষ্ঠ পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ সভায় সহসভাপতিত্ব করেন ইপ।
বৈঠকে প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন রোধ ও দক্ষ অভিবাসন উৎসাহিত করতে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বৈধ ভ্রমণ ও উচ্চশিক্ষা সহজ করার ওপর জোর দেন।
দুই দেশের বাণিজ্য ২০২৫ সালে প্রায় ৪০০ কোটি কানাডীয় ডলারে পৌঁছেছে উল্লেখ করে তিনি বাণিজ্য বহুমুখীকরণ ও কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। এলডিসি থেকে উত্তরণের পরও আরও তিন বছর বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেওয়ার কানাডার অঙ্গীকারকে স্বাগত জানান তিনি।
রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে মামলায় সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও অভিবাসন খাতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার করে দুই পক্ষ।





