বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না। ভারতে বসে দেশকে অশান্ত করতে ষড়যন্ত্র ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী রেলগেট-সংলগ্ন মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ‘আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ শেষে জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের মতো পরিস্থিতি দেশের বিভিন্ন স্থানে তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে রাজবাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে বড় বড় কর্মসূচি হাতে নিচ্ছেন। রাজবাড়ীতে পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা সেতু ও বৃহত্তর রেলওয়ে ওয়ার্কশপের মতো প্রকল্পের কথাও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রীর অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





