মৃত্যুর দৃশ্যধারণের আগেই বগুড়ায় শুটিংয়ে গিয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান
চলচ্চিত্রে নিজের চরিত্রের মৃত্যুদৃশ্যের শুটিংয়ের আগেই মারা গেলেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৬ বছর।
হাসপাতালের মৃত্যুসনদে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, সহকর্মীদের সঙ্গে সকালের নাশতা সেরে মেকআপের প্রস্তুতির জন্য হোটেলকক্ষে ফেরেন সোহেল খান। পরে একজন সহকারী পরিচালক তাঁকে অচেতন অবস্থায় পান। অভিনেতা এ আর খান সীমান্তসহ সহকর্মীরা তাঁকে দ্রুত বগুড়ার একটি হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমায় চার খলনায়কের একজনের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। গল্পে চার খলনায়কেরই মৃত্যু হয়। সোহেল খানের চরিত্রের মৃত্যুদৃশ্যসহ আরও তিন-চারটি দৃশ্যের শুটিং বাকি ছিল। দুই-তিন দিনের মধ্যে তাঁর ঢাকায় ফেরার কথা ছিল।
তাঁর মৃত্যুতে ওই দিনের শুটিং বন্ধ রাখেন প্রযোজক আরশাদ আদনান। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঢাকার ধামরাইয়ে নেওয়া হয়।





