তিন ছাত্রসংগঠনের আপত্তির মুখে প্রভোস্ট পদ থেকে অব্যাহতি পেলেন জাবির অধ্যাপক স্নিগ্ধা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তাঁর জায়গায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশে অব্যাহতির কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি তাঁর বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছিল।
গত ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই অভ্যুত্থানের অপরাধের বিচার প্রশ্নে স্পষ্ট অবস্থান দাবি করে। একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও তদন্তকালে সাময়িক অব্যাহতির দাবি জানায়। ২২ নভেম্বর ছাত্রশিবির প্রশাসনের কাছে চার দফা স্মারকলিপি দেয়, যার একটি ছিল সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অপসারণ।
এ বিষয়ে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বক্তব্য পাওয়া যায়নি।





