ওয়াশিংটনে মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক ও কমিউনিটি প্রতিনিধিদের মিলনমেলা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাসায় কূটনীতিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনা ও মার্শা বার্নিকাট, মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচালক লিকা জনস্টনসহ সাবেক কূটনীতিক, সাংবাদিক, পেশাজীবী ও কমিউনিটির রাজনৈতিক নেতারা অংশ নেন।
যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরার আগে এ সামাজিক আয়োজন করেন মুশফিকুল ফজল আনসারী। আন্তরিক পরিবেশে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে আলাপ করেন।
মুশফিকুল ফজল আনসারী দীর্ঘদিন ওয়াশিংটনভিত্তিক সাংবাদিক হিসেবে কাজ করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘের ব্রিফিংয়ে গণতন্ত্র, মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন করে তিনি পরিচিতি পান। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
সূত্র: চ্যানেল আই অনলাইন, কালবেলা
ছবি: সংগৃহীত





